
ধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) রাতে উপজেলার জিনুদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:
আশরাফুল সাইদুল (২৫): পিতা- লিটন মিয়া, মাতা- সনিয়া বেগম।
নুরুল ইসলাম (২৭): পিতা- বাতেন মিয়া, মাতা- কুলসুম বেগম।
তাদের উভয়েরই বাড়ি জিনুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঙ্গরা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাঙ্গরা বাজার এলাকায় ওই দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
নবীনগর থানার (ওসি তদন্ত) রাজীব কান্তি নাথ মুঠোফোনে সাংবাদিকদের জানান,
”আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ ০২ মে, শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনায় স্বস্তি প্রকাশ করে নবীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন।

