
মোঃ তাইনুল ইসলাম
ময়মনসিংহের মুক্তাগাছায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম সাধারণ মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে।
পরে অতিথিরা ভাতাভোগীদের হাতে কার্ড তুলে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

