
নিজস্ব প্রতিনিধি :
গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএফ)-এর উদ্যোগে আয়োজিত নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা নেটওয়ার্কের এক প্রেস ব্রিফিংয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সার্বিকভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি ফখরুন নাহার এবং সাধারণ সম্পাদক বশির আহমেদ হাওলাদার বিস্তারিত পর্যবেক্ষণ তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে জিডিডিএফের সাধারণ সম্পাদক বশির আহমেদ হাওলাদার বলেন, এবারের নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও সার্বিক মূল্যায়নে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন। তিনি উল্লেখ করেন, কিছু কেন্দ্রে ভোটগ্রহণের গতি তুলনামূলক ধীর ছিল, বিশেষ করে দুপুরের দিকে ভোটার উপস্থিতি ও ভোটকাস্টের হার কিছুটা কমে যায়। তবে দিনের শেষে প্রায় ৬০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, “ভোটগ্রহণের গতি প্রত্যাশিত মাত্রায় না থাকলেও নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কোনো বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রিজাইডিং অফিসাররা প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর ভোটের অগ্রগতি সম্পর্কে তথ্য প্রদান করেছেন, যা নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।”
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও তুলে ধরেন তিনি। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি ও তৎপরতাকে “স্ট্রাইকিং ফোর্স” হিসেবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, তাদের সক্রিয় ভূমিকার কারণে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বজায় ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
এ সময় জিডিডিএফের সভাপতি ফখরুন নাহার বলেন, “আমাদের পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী এবারের নির্বাচন পূর্ববর্তী অনেক নির্বাচনের তুলনায় বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো নয়।” তিনি ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম বদরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। এছাড়াও জিডিডিএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য—গবেষণা সম্পাদক মোঃ পারভেজ রেজা, সম্পাদক কামরুল হাসান, সংগঠনের নেতা ফয়সাল খান, নুসরাত জাহান, বার্ষিক বিভাগের প্রতিনিধি একরামুল হক রাজু এবং সিলেট বিভাগের প্রতিনিধি মোঃ হানিফ।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ ধরনের নিরপেক্ষ পর্যবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তারা নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধির লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান।

