
মোঃ শিহাব উদ্দিন: সাংবাদিকতা, নেতৃত্ব ও সমাজ পরিবর্তনের প্রত্যয়ে এক নির্ভীক মুখ
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা, সামাজিক নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি লাভ করেছেন দৈনিক জনজাগরণ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বর্তমানে মিরপুর প্রেসক্লাব, ঢাকা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়াও তিনি ডিফেন্স প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত কার্যক্রমে তিনি নেতৃত্ব দিচ্ছেন।
মোঃ শিহাব উদ্দিন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার। পিতার চাকরির সুবাদে শৈশবের একটি বড় সময় কেটেছে দেশের বিভিন্ন সেনানিবাসে। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম সেনানিবাসে, পরে যশোর ক্যান্টনমেন্ট হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল থেকে এসএসসি এবং বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন। এইচএসসি পাশের পরই ২০০২ সালের দিকে মনন কোচিং একাডেমি-তে শিক্ষক হিসেবে প্রায় ১৩ থেকে ১৪ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবনে অবদান রাখেন। এছাড়া ফার্মগেটের বিকল্প কোচিং সেন্টার ও ম্যাপস কোচিং সেন্টার-এ পাঠদান করে সেরা শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন।
একই সময়ে ছাত্ররাজনীতিতেও সক্রিয় হন। তিনি ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হলেও তিনি পিছিয়ে না গিয়ে নতুন উদ্যমে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও গণমাধ্যমভিত্তিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন।
পরবর্তীকালে তিনি কিছু সময় মালয়েশিয়ায় অবস্থান করেন। সেখানে নানা প্রতিকূলতা অতিক্রম করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যমণিতে পরিণত হন এবং অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২ সালে দেশে ফিরে আবারও সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
২০২৩ সালে তিনি অনলাইন সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উদ্যোগ নেন এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও তিনি মাঠপর্যায়ে ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেন বলে তাঁর সহকর্মীরা উল্লেখ করেন।
সাংবাদিকতার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। তাঁর মতে, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
নির্বাচনকালীন সময়ে ঢাকা-১৫ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে সাংবাদিকদের সমন্বয় এবং তথ্য সংগ্রহে ভূমিকা রাখার কথাও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। তাঁর মতে, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত অর্থনীতির পথে এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা আরও জোরদার করার পক্ষে তিনি মত প্রকাশ করেন।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, মোঃ শিহাব উদ্দিন সহজ-সরল, বন্ধুবৎসল এবং নেতৃত্বগুণসম্পন্ন একজন সংগঠক। তিনি বিশ্বাস করেন—ন্যায়বিচার, সুশাসন, উন্নয়ন এবং জাতীয় ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সাংবাদিকতা, সামাজিক নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।

