
মোহাম্মদ আলী ভূঁইয়া,
কিশোরগঞ্জের নিকলীতে মাদক সেবনের দায়ে সাব্বির (২১) নামে এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ।
দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার গুরই ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাব্বিরের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

