
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজের বীজ, লেবু ও বিভিন্ন গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ২২ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুলাউড়ার যৌথ আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন ভূইয়া, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং কৃষক-কৃষাণীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের জন্য এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা।

