
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ৩নং কৃষ্ণনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কৃষ্ণনগর এলাকায় এই ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কৃষ্ণনগর এলাকার চারটি মসজিদ ও কয়েকটি পরিবারের যৌথ মালিকানাধীন প্রায় ৪০ শতক জায়গার একটি পুকুরে এই মাছ চাষ করা হয়েছিল। আজ সোমবার ভোরে এলাকাবাসী পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখেন। ধারণা করা হচ্ছে, গত রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ বা গ্যাস প্রয়োগ করেছে। মরে যাওয়া মাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
সকালে মাছগুলো ভেসে উঠলে স্থানীয় উৎসুক জনতা ও এলাকাবাসী যে যার মতো করে মরা মাছ কুড়িয়ে নিয়ে যেতে দেখা যায়।
এলাকার মুরব্বিদের মতে, এটি একটি সুপরিকল্পিত ঘটনা। এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে যে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বা ‘মাতব্বর’ নেপথ্যে থেকে এই ন্যাক্কারজনক কাজটি ঘটিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলছে। মূলত সেই বিরোধের জের ধরেই প্রতিপক্ষকে ঘায়েল করতে এই ক্ষতি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও মসজিদ কমিটি এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

