
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ‘ট’ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ না থাকায় বেশ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাসের উপস্থিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু। সেসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের। সেসময় সতর্কতামূলক বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮টি মামলায় ৫হাজার ৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজকে থেকে আমাদের বাজার তদারকিমূলক অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

