
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বাগেরহাট-১ আসন-এ অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে।
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার এই আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮৮১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৯৫২।
নির্বাচনের আগে থেকেই অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই বাস্তবে রূপ নেয়।
উপজেলা ভিত্তিক ফলাফল
মোল্লাহাট উপজেলা (৪৬ কেন্দ্র):
দাড়িপাল্লা প্রতীকে ৩২,২১৬ ভোট এবং ধানের শীষ প্রতীকে ৩১,৩৭২ ভোট পড়ে। এখানে ৮৪৪ ভোটে এগিয়ে ছিল দাড়িপাল্লা।
ফকিরহাট উপজেলা (৫২ কেন্দ্র):
দাড়িপাল্লা প্রতীকে ৫০,৭২২ ভোট এবং ধানের শীষ প্রতীকে ৪২,০১৬ ভোট পড়ে। এ উপজেলায় ৮,৭০৬ ভোটে এগিয়ে ছিল দাড়িপাল্লা প্রতীক।
চিতলমারী উপজেলা:
ধানের শীষ প্রতীকে ৪০,৪৯৩ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকে ৩৩,৮৯৫ ভোট পড়ে। এখানে ৬,৫৯৮ ভোটে এগিয়ে ছিল ধানের শীষ প্রতীক।
তিন উপজেলার সম্মিলিত ফলাফলে শেষ পর্যন্ত ২,৯৫২ ভোটের ব্যবধানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মশিউর রহমান খান বেসরকারিভাবে বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

