
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে দৌলতপুর উপজেলা ছাত্রদল। রাত বারোটা এক মিনিটে নীরবতা আর শ্রদ্ধাভরে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন। সকলেই ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন।
বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীর শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের এই আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।
একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে এবং জাতিগত চেতনায় ঐক্যবদ্ধ হতে। এই দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
শেষে নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান

