
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ মহেশপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২ টা ১মিনিটে মহেশপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। পরে উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনেকেই খালি পায়ে শহীদ মিনারে এসে নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন।
দিবসটি ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

