
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুরপাড় থেকে আজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম হাজেরা বেগম। তিনি পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মৃত রহিম মিয়ার স্ত্রী এবং বর্তমানে জিনদপুর এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জিনদপুর বাসস্ট্যান্ডের সামনের একটি পুকুরপাড়ে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। প্রাথমিক অবস্থায় মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে চিহ্নিত হলেও, পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়দের অনেকের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

