
মাসুম বিল্লাহ-খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (২রা ফেব্রুয়ারি) খুলনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ২৪ বছর পর তার এই খুলনা সফরকে কেন্দ্র করে খুলনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বিএনপির চেয়ারম্যানের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই আগমনকে স্মরণীয় করে রাখতে এবং নির্বাচনী প্রচারণা সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নগরীর মোড়ে মোড়ে ফেস্টুন, ব্যানার ও তোরণ নির্মাণের কাজ চলছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা এখন জনসভার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, “দীর্ঘ সময় পর আমাদের প্রিয় নেতা খুলনায় আসছেন। এই সংবাদ পাওয়ার পর থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীরা তাৎক্ষণিক আলোচনায় বসে সার্বিক প্রস্তুতি শুরু করেছেন। সাধারণ মানুষের মধ্যেও তাকে দেখার জন্য ব্যাপক আগ্রহ ও আনন্দ বিরাজ করছে।”
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, “তারেক রহমানের এই সফর খুলনার মানুষের কাছে একটি বিশেষ ঘটনা। আগামী সোমবার দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে বলে আমরা আশা করছি। এটি কেবল দলীয় নেতাকর্মীদের সমাবেশ নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রাণ সঞ্চার করবে।”
উল্লেখ্য যে, এর আগে সর্বশেষ ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান খুলনায় এসেছিলেন। দীর্ঘ প্রায় আড়াই দশক পর তার এই আগমনে খুলনার সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
নিরাপত্তা ও জনসভার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

