
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর পর থেকেই এসি কাজ করছিল না।
ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি কাজ শেষে এসি ছাড়াই ওই দুই বগি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। কাজ করার জন্য ট্রেনটি আখাউড়াতে প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্ব হয়।
সব মিলিয়ে ট্রেনটি দেড় ঘণ্টার মতো বিলম্বে চলাচল করছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে আটটার বদলে ১৫ মিনিট বিলম্বে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। নরসিংদী আসার পর দুটি বগির যাত্রীরা টের পান যে এসি কাজ করছে না। ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতি দেয়।
আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে ‘কনডেন্সার কয়েল’ চুরির ঘটনা ঘটে।
এর ফলে এসি কাজ করছিল না। ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি দিলে বেশি বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামতের চেষ্টা করা হয়নি।
তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় ছেড়ে যায়।

