
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ফুলছড়ি উপজেলায় আজ থেকে সরকারি উদ্যোগে ৩০ টাকা কেজি দরে ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ইউনিয়ন পরিষদ সংলগ্ন কালির বাজারে নির্ধারিত স্থানে এ কার্যক্রম শুরু হয়।
চাল বিক্রির দায়িত্বপ্রাপ্ত ডিলার মো. আলমগীর মিয়া জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে চাল বিক্রি করা হচ্ছে, যাতে নিম্নআয়ের ও সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল সংগ্রহ করতে পারেন।
এ সময় ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ৩০ টাকা দরে ওএমএস চাল বিক্রির উদ্যোগ নিয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নির্ধারিত নিয়ম মেনে প্রকৃত উপকারভোগীদের কাছে চাল পৌঁছে দিতে আমরা সার্বিক তদারকি করছি।”
স্থানীয়রা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে চাল বিক্রি শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা নিয়মিত ও পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত নিয়ম মেনে এই ওএমএস কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানান।

