
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলার নবীনগর মহল্লার রৌহা বিলে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই মেলায় গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মেলায় বাহারি রকমের পিঠা-পায়েস, মিষ্টান্ন, মুখরোচক খাবার, শিশুদের খেলনা, মাটির তৈরি সামগ্রীসহ নারীদের প্রসাধনী ও চুড়ি-মালার দোকান বসেছে। মেলাকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
দিনব্যাপী চলে পিঠা-পায়েস খাওয়ার উৎসব, যা এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। এছাড়াও মেলায় ১৫ প্রকারের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গাংগি খেলা, সাইকেল রেস, চেয়ার খেলা, বালিশ খেলা ও সুই-সুতা খেলা। বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা, এতে শেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত ঘোড়ার সওয়ার অংশগ্রহণ করেন।
পৌষ মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান সিদ্দিকী বাবুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন,
“শত বছরের বেশি সময় ধরে পৌষ মেলার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের চেষ্টা চলছে। এই মেলা আমাদের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামীতেও নতুন প্রজন্ম এই ঐতিহ্যবাহী পৌষ মেলার ধারাবাহিকতা বজায় রাখবে।

