
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ফেরদৌস হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়ন সংলগ্ন পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
মৃত কনস্টেবলের নাম ফেরদৌস হোসেন । তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সরকারি পরিচয় নম্বর কং/১১৬৪।
সহকর্মীরা জানান, সন্ধ্যার পর থেকেই ফেরদৌসকে ক্যাম্পে কোথাও দেখা যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। রাত বাড়তেই উদ্বেগও বাড়তে থাকে। এক পর্যায়ে বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক নীরবতা টের পেয়ে দরজা ভেঙে ফেলে পুলিশ সদস্যরা। সেখানে সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ফেরদৌসকে ঝুলতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সহকর্মীদের ভাষায়, খুবই শান্ত-স্বভাবের একজন পুলিশ সদস্য ছিলেন ফেরদৌস। তার এমন মৃত্যুতে তারা গভীর ভাবে শোকাহত।

