
জন জাগরণ ডেস্ক :
কুমিল্লার দেবিদ্বারের রাজামেহার গ্রামের আজু মেম্বারবাড়ীর সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দেওয়ায় দৈনিক যুগান্তরের সাহসী নারী সাংবাদিক আখিনুর আক্তার আখির উপর প্রকাশ্যে বর্বরোচিত ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
একজন সাংবাদিকের উপর এ ধরনের হামলা কেবল ব্যক্তিগত নয়, বরং গোটা সাংবাদিক সমাজের উপর এক গভীর ষড়যন্ত্র ও ভয়ঙ্কর হুমকি।
দৈনিক জন জাগরণ পত্রিকার পরিবারবর্গ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।
দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন বলেন, শুধু নারী সাংবাদিক নয়, সকল সাংবাদিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর হামলা বন্ধ না হলে, আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জি. এস. জয় বলেন, এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা সকল সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, যা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকরা কারো বিরুদ্ধে লিখে না, সত্যের পক্ষে লিখে, সেই সত্য লেখাটাই হয়তো কারো বিরুদ্ধে রূপান্তরিত হয়। সেজন্য আজ সাংবাদিকরা এত হয়রানী, হামলা ও মামলার শিকার হচ্ছে। সকল কে মনে রাখতে হবে, বিশ্বের এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে এই সাংবাদিকরাই।
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।

