
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আবছার চৌধুরীকে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু সমর কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আবছার চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
সংবর্ধনার জবাবে মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায়ও মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি ভবিষ্যৎ গড়তে পড়ালেখার বিকল্প নেই।

