
মোঃ আসিফুজ্জামান আসিফ
সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে এ খাতে আরও ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।
জাতীয় মৎস্য সপ্তাহের র্যালি উদ্বোধন ও আলোচনা সভায় অংশ নেওয়ার পর সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভারে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।
তিনি সাভার সরকারি কলেজ ব্যবস্থাপনা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উন্নয়নমূলক আলোচনা সভায় অংশ নেন। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
একই দিনে মৎস্য সপ্তাহের কর্মসূচি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নমূলক আলোচনা—এই তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সংসদ সদস্যের অংশগ্রহণে সাভারে দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি পালিত হয়।

