
ডেভিড সাহা,
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার উজানুপাড়া ও কানতারমুখ পাড়াসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ১৫৭টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্বের অংশ হিসেবে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বাহিনীটি।
সোমবার (২০ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নেতৃত্বে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি এবং সহকারী পরিচালক মো. সেলিম রানা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত পাহারার পাশাপাশি পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, খাদ্য সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

