
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার সুন্দরগঞ্জে পকেটে ইয়াবা নিয়ে মাদক কেনাবেচার সময় শাকিল মিয়া (শাকিল খান) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উপজেলা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
গ্রেফতারকৃত শাকিল মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর সন্তান। তিনি উপজেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মপুর বাজারের ‘জোবেদা ফিলিং স্টেশন’-এর পাশে অন্ধকার ও ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
একজন উদীয়মান রাজনৈতিক নেতার পকেটে মাদক পাওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনীতির আড়ালে এমন অসাধু কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ।
এদিকে, দলের দায়িত্বশীল নেতার এমন অপরাধে বিব্রত এনসিপি। এ বিষয়ে উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান জানান, দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শাকিলের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

