
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথায় তিনি এ মতবিনিময় করেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আতিনুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, নুরুল ইসলাম প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান আতিক, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ।
মতবিনিময় শেষে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের জানান, আমাদের দলের ৪০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে মবের ভয়ে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটা আমরা অনুভব করি। আমরা মনে করি প্রশাসন এখনো দেশের নিয়ন্ত্রণ নেয়নি। আজকে সারাদিন ঢাকা অচল ছিল, কালকেও সারাদিন ঢাকা অচল ছিল। তফশীলের পরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কখনো তফশীলের পরে এই ধরণের ঘটনা দেখিনি। তবে আমরা মনে করি সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলে যদি চায়, তাহলে অবস্থার উত্তরণ ঘটতে পারে। এই অবস্থায় সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমরা মনে করি এ অবস্থার উত্তরণ অবশ্যই ঘটাতে হবে।

