
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুয়া সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন যুবক। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খবর পায় যে, সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে তিন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। তারা নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল।
ডিবির টিম সেখানে পৌঁছে চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছে পুলিশি সরঞ্জাম হিসেবে ভুয়া কাগজপত্র, ওয়াকিটকি ও মাস্ক পাওয়া যায়।
তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ডলার ব্যবসার কথা বলে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে ডলার ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। তারা সিআইডি পুলিশ সেজে ভয় দেখিয়ে ওই ডলারের ব্যাগ নেওয়ার সময় জনগণের সন্দেহের মুখে পড়ে।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি বরগুনা ও গোপালগঞ্জ জেলায় এবং তারা ঢাকায় বসবাস করতেন।

