
জসিম তালুকদার, চট্টগ্রাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলার ২২৬৯ টি বিদ্যালয়ের মধ্য অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এটি বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের রেকর্ড। প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য অর্জিত হয়েছে।
প্রতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
তাছাড়া, ২০২৬ সালের জুন মাসে ঘোষিত সরকারি তথ্য অনুযায়ী, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। একই সাথে বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে।
বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফল অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

