ঢাকা-১৭ আসনের ১৫ নম্বর ওয়ার্ডের মাটিকাটা বাজার সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। অল্প সময়ের বৃষ্টিতেই পুরো সড়ক পানির নিচে তলিয়ে যায়, ফলে প্রতিদিন শত শত মানুষকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ, নারী ও শিশুরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এলাকাবাসীর মতে, এটি শুধু জনদুর্ভোগের বিষয় নয়; বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে চলাচলের কারণে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর জোর দাবি, দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হোক। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণই এখন সময়ের দাবি।
প্রতিবেদন: নাসির উদ্দিন খোকন
সহ-সম্পাদক, দৈনিক জনজাগরণ
সাবেক ছাত্রনেতা।