
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে কুলাউড়া থানা পুলিশ। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার একটি আভিযানিক দল উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার একটি কাঁচা সড়কের পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা সঙ্গে থাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ির চালান ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পুলিশ ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিড়ির বিষয়ে কুলাউড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে পলাতক চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ বলেছে, চোরাচালান, মাদক এবং অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

