
তানজিনা,
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অলিম্পিক ডে-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করে সেনাপ্রধান তাঁর বক্তব্যে Excellence, Friendship এবং Respect—এই তিনটি অলিম্পিক মূল্যবোধ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব। তাই তিনি সকলকে সক্রিয় জীবনধারা অনুসরণের আহ্বান জানান।
”You Can Do This, Let’s Move” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্রীড়াবিদ ও সাধারণ মানুষকে খেলাধুলা এবং শরীরচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার বার্তা দেওয়া হয়। সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া র্যালিটি এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন সেনাপ্রধান এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি।
এ কর্মসূচিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও ক্রীড়াপ্রেমীসহ ১,৫০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি কেবল একটি ক্রীড়া উদযাপনই নয়, বরং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় সমাজ গঠনে অলিম্পিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

