
মোঃ জাহিদ হোসেন জিমু,
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতৃবৃন্দ দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
বিকেল নাগাদ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতে যারা সহিংসতা ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সাংগঠনিক সম্পাদক সহি আহমেদ ছোটন, ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা পিঙ্কি, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, পৌর আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু এবং ছাত্র শক্তির সদস্য সচিব বোস্তামি জিম।
বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদী দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতিদ্রুত জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

