
স্টাফ রিপোর্টার দিনাজপুর
সাকিব হাসান নাইম,
দিনাজপুরের বিরামপুরে পৃথক তিনটি অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, চোলাইমদ এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় “বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা”-এর সামনে পাকা রাস্তা থেকে মো. আসমান আলী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার চৌঘরিয়া এলাকার বাসিন্দা।
একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বাড়ি থেকে মারিয়া সরেন (৫০) নামের এক নারীকে ১০ লিটার চোলাইমদসহ আটক করা হয়।
এদিকে মঙ্গলবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে পৌর এলাকার পাবনা হোটেলের পেছন থেকে অভিযান চালিয়ে মো. তাজমল হোসেন (৪৬), তার স্ত্রী মোছা. লাইলী বেগম (৩৭) এবং মো. সবুজ (২৩) নামের আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ১,০৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ এবং ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনটি মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

