
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া প্রতিনিধি:
আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চারজন অভিজ্ঞ ও পরিচিত নেতার নাম স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অন্যতম আলোচিত নাম।
এছাড়া কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। প্রবাসে অবস্থান করেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
অন্যদিকে, কুলাউড়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজলের নামও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম ও ব্যবসায়ী মহলে তাঁর গ্রহণযোগ্যতা তাকে শক্তিশালী অবস্থানে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার কারণে তিনিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্ত, সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ বিবেচনায় বিএনপির পক্ষ থেকে শেষ পর্যন্ত যেকোনো একজনকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।
তবে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও সম্ভাব্য এই চার নেতাকে ঘিরে কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছেন কুলাউড়াবাসী।

