
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় ভুট্টা মিলের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম ওই এলাকার সাহেবগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানান, আজ (বুধবার) বিকাল ৩টার দিকে রেজাউল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালী বেগমসহ দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ শহরে একটি প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পথে কাটা মোড় এলাকায় ভুট্টা মিলের সামনে পিছন থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে আরোহীরা সবাই সড়কের উপর পড়ে গেলে পিছনে থাকা ট্রাকের চাকার নিচে শেফালী বেগমের মাথা পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা বাকি তিন আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

