
নিজস্ব প্রতিবেদক :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে এক বৃদ্ধসহ চারজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহতদের মারাত্মক জখম করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। একই সঙ্গে তাদের মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টার দিকে কেশবপুর গ্রামের মৃত মহাজ মণ্ডলের ছেলে মোঃ নজরুল ইসলাম (৭০), কোরবান আলী, শহিদুল ও জয়নাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় লক্ষ্মীপুর ও কেশবপুর গ্রামের মধ্যবর্তী মাঠের ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত রাস্তার ওপর বাঁশ ফেলে তাদের গতিরোধ করে।
ভুক্তভোগীদের অভিযোগ, এরপর একই গ্রামের চেঙ্গিস মেম্বার, মহিবুল হক মঞ্জিল, ইমাদুল, আবু জেহেল, সানি, সানিমসহ আরও ১০-১২ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে গুরুতর আহত করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। পাশাপাশি তাদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তবে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

