
মাসুম বিল্লাহ, খুলনা:
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।
ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবী ভাষায় ‘ঈদ মোবারক’ খচিত ব্যানারে সুসজ্জিত করা হয়।
খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় ঐতিহাসিক খুলনা টাউন জামে মসজিদে।একই মসজিদে সকাল ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য ,বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর মুসল্লীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া সকাল ৭টা ৩০ মিনিটে খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং ৭টা ১৫ মিনিটে নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন মসজিদ ও ঈদগাহে স্থানীয় নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

