
আল মুজাহিদ-(যশোর)
ধর্ষকদের দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর, ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকের পরিচয় নিশ্চিতকরণ এবং ৭ কর্মদিবসের মধ্যে ধর্ষক ও তাদের সহযোগীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশনসহ ঝিকরগাছার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনা জাতির বিবেককে নাড়া দিচ্ছে। তিনি বলেন, ধর্ষণ মামলার দীর্ঘসূত্রিতার কারণে অনেক অপরাধী শাস্তির বাইরে থেকে যাচ্ছে। একটি অপরাধের বিচার না হওয়ায় আরেকটি অপরাধ সংঘটিত হচ্ছে।
তিনি আরও বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকদের দ্রুত শনাক্ত করে ৭ কর্মদিবসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসাইন, পল্লী উন্নয়ন স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠক আব্দুল্লাহ আল সাঈদ, বিবর্তন ঝিকরগাছার সাধারণ সম্পাদক সুজন দত্ত এবং ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আখি খাতুনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

