
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চরাঞ্চলের কয়েকশ’ বিক্ষুব্ধ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, কছিম বাজার খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আগে যেখানে নদী পারাপারে ১০ থেকে ২০ টাকা টোল নেওয়া হতো, বর্তমানে তা অন্যায়ভাবে বাড়িয়ে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। চরাঞ্চলের শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য এই বর্ধিত টোল পরিশোধ করা দুঃসাধ্য হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা গরিব মানুষ, প্রতিদিন কাজের প্রয়োজনে নদী পার হতে হয়। আগে কম টাকায় পার হতে পারতাম, এখন হঠাৎ করে দ্বিগুণ টাকা চাওয়া হচ্ছে। এটা আমাদের ওপর জুলুম।”
এক ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, “নির্ধারিত টাকার চেয়ে বেশি না দিলে ইজারাদারের লোকজন আমাদের নৌকায় উঠতে দেয় না। এমনকি রোগীদের যাতায়াতেও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে এই অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানাচ্ছি।”
প্রশাসনের হস্তক্ষেপ
বিক্ষোভকারীরা জানান, সরকারি নীতিমালা উপেক্ষা করে ইজারাদাররা নিজেদের ইচ্ছামতো টোল নির্ধারণ করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার নির্ধারিত টোল চার্ট টাঙানো এবং অতিরিক্ত টোল আদায় বন্ধ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

