
মোঃ শফিকুল আলম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় সবজি বাগানের আড়ালে নিষিদ্ধ মাদক গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে সবজি চাষের আড়ালে সুকৌশলে এই গাঁজা গাছটি বড় করা হচ্ছিল। বাইরে থেকে বোঝার উপায় না থাকলেও পুলিশ নিশ্চিত হয়ে সেখানে হানা দেয়। অভিযানে দেখা যায়, সবজি খেতের ভেতর বেশ সতেজ অবস্থায় একটি গাঁজা গাছ বেড়ে উঠেছে, যার উচ্চতা আনুমানিক ৪ ফুট।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে গাছটি উদ্ধার করে। এসময় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পুলিশ গাছটি শিকড়সহ উপড়ে ফেলে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে তারা কাজ করছেন। সবজি বাগানের আড়ালে এই নিষিদ্ধ চাষের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

