
আল মুজাহিদ-(যশোর) :
যশোর শহরের আরবপুর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের কাজের বকেয়া বিল পরিশোধ না হওয়াকে কেন্দ্র করে ঠিকাদার ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাওনা অর্থ আদায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, আরবপুর বিমানবন্দর সড়ক এলাকায় অবস্থিত ‘ডিলাইট সরদার প্যালেস’ নামের ১৩ তলা ভবনের নির্মাণকাজে নিয়োজিত বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বিলের অর্থ পাচ্ছেন না। এতে সংশ্লিষ্ট প্রায় ৩০০ শ্রমিক আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণকাজ শুরু করেছিলেন জমির মালিক ও ব্যবসায়ী মরহুম আব্দুস সালাম সরদার। গত বছরের ডিসেম্বর মাসে তাঁর মৃত্যুর পর পরিবারের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। পরে ঠিকাদাররা সম্পন্ন কাজের বিল জমা দিলেও বকেয়া অর্থ পরিশোধে কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন তারা।
ঠিকাদারদের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এমনকি কয়েকজনের বিরুদ্ধে হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও পাওনা আদায়ের স্বার্থে ভুক্তভোগীরা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিল আটকে থাকায় শ্রমিক ও ঠিকাদাররা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া অর্থ পরিশোধের দাবি জানান।
মানববন্ধনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, আটজন ঠিকাদারের মোট পাওনা প্রায় ৬৭ লাখ ২৩ হাজার ২৮৩ টাকা। এর মধ্যে নির্মাণ, স্যানিটারি, ইলেকট্রিক, টাইলস, রং, গ্লাস, ফার্নিচার ও গ্রিল সংক্রান্ত বিভিন্ন কাজের বিল অন্তর্ভুক্ত রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু সমাধানের আশা প্রকাশ করেছেন।

