
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ট্রেনের ‘চ’ বগির টয়লেটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই মাদক উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ বিশেষ বার্তা পাঠান। সাধারণত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে উপবন এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকলেও এসপির নির্দেশনায় ট্রেনটিকে সেখানে জরুরি ভিত্তিতে থামানো হয়।
ভোরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যরা পুরো ট্রেনে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ট্রেনের ‘চ’ বগির টয়লেটের ভেতর মালিকবিহীন অবস্থায় ১০ কেজি গাঁজা পড়ে থাকতে দেখা যায়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় আমরা এই ঝটিকা অভিযান পরিচালনা করি। উদ্ধারকৃত গাঁজা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অনির্ধারিত যাত্রাবিরতি করিয়ে ট্রেনের ভেতর পুলিশের এই কঠোর অবস্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেলপথে মাদক পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

