
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আদিয়াত রহমান (১৪) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা শহরের অবকাশ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
আহত আদিয়াত রহমান জেলা শহরের কান্দিপাড়া এলাকার শরিফুর রহমানের ছেলে। সে স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তালহা রহমান নামে আদিয়াতের আরও এক বন্ধু আহত হয়েছে।
আহত আদিয়াতের বাবা শরিফুর রহমান জানান, সকালে স্কুলে নববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিল আদিয়াত। দুপুরে অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে অবকাশ এলাকায় কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা আদিয়াতের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত শুরু করে এবং তার বন্ধুকে মারধর করে।
ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে চক্রের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রক্তাক্ত অবস্থায় আদিয়াতকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের হাতে আটক ছিনতাইকারীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িত বাকিদের গ্রেফতারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

