
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫১ জন শিশু হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেই ভর্তি আছে ২৭ শিশু, যাদের জন্য পৃথক আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে সাতজন রোগীর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করেছে।
শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত শিশু ভর্তি হয়েছে। তবে আবাসন সংকটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন রোগী চিকিৎসাধীন থাকায় অর্ধেকেরও বেশি শিশুকে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
প্রচণ্ড গরমে মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে গিয়ে শিশু ও তাদের অভিভাবকরা হাঁপিয়ে উঠছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লক্ষণ দেখা দেওয়া শিশুদের রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পেলে আক্রান্তের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে ভর্তি থাকা শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। চিকিৎসা হিসেবে তাদের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল এবং প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন জানান, “হামের লক্ষণ নিয়ে আসা শিশুদের জন্য আমরা দ্রুত আইসোলেশন সেন্টার তৈরি করেছি।
সেখানে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।”
উল্লেখ্য, জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কাজ করছেন।

