
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের তিতাস নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত ‘নূর ট্রেডার্স’ নামে একটি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, তিতাস নদীর তীরের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপিত ওই কারখানায় দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল, রাব, চিনি ও কৃত্রিম রঙ মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল গুড়কে আসল আখের ও খেজুরের গুড় হিসেবে বাজারজাত করার উদ্দেশ্যে মাটির মচকা ও টিনের বিশেষ প্যাকেটে ভর্তি করা হতো।
অভিযান চলাকালীন কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও জাকির হোসেন তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, “অভিযুক্তদের জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নদীর জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঈদের পর পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

