
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সেনানিবাসের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ বীরবিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রেক্সওয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) স্কুল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নবীন-প্রবীণ এলামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে এক মনোরম ও বর্ণাঢ্য পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
রেক্সওয়ার সভাপতি কমডোর এম. খুরশীদ মালিক (অব.) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. কামরুজ্জামান কায়সার এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসীম, সিআইপি। এছাড়াও স্কুল ও কলেজের প্রধানগণ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
সভাপতির বক্তব্যে কমডোর এম. খুরশীদ মালিক (অব.) বলেন, রেক্সওয়া শুধু একটি এলামনাই সংগঠন নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি বলেন, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তাদের এই মিলনমেলা সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
সাধারণ সম্পাদক ড. কামরুজ্জামান কায়সার তার বক্তব্যে বলেন, রেক্সওয়ার মূল লক্ষ্য হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা। তিনি ভবিষ্যতেও এলামনাইদের অংশগ্রহণে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে প্রয়াত এলামনাই, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

