
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে খুলনা মহানগরীর নিউমার্কেট কাঁচাবাজার ও মাছবাজার পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনিযুক্ত প্রশাসক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
আজ রোববার দুপুরে তিনি বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পবিত্র রমজান মাস সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের দাম বাড়াতে না পারে, সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করবে।” যারা নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাছবাজার পরিদর্শনকালে তিনি মাছের মান ও ফরমালিনমুক্ত পণ্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া কাঁচাবাজারে সবজি, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ এবং দামের বিষয়ে খোঁজখবর নেন। এসময় উপস্থিত সাধারণ ক্রেতারা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এই ধরনের তদারকি চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।
বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, কেসিসি’র পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিদিন নগরীর বিভিন্ন বাজার তদারকি করবে। তিনি নগরবাসীকে আশ্বস্ত করেন যে, এবারের রমজানে সিন্ডিকেট বা অসাধু চক্রকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সরকার নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় এবং তিনি ১ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

