
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় মেদীর হাওড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৩ মার্চ) উপজেলার টেকানগর এলাকা সংলগ্ন মেদীর হাওড়ে অবৈধ রিং জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা ও বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মৎস্যজীবী ক্ষতিকর রিং জাল ব্যবহার করে হাওড়ে মাছ ধরছেন।
অবৈধ মাছ ধরার সাথে জড়িত থাকার অপরাধে ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালে প্রায় শতাধিক অবৈধ রিং জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে কোনো প্রকার অবৈধ জালের ব্যবহার সহ্য করা হবে না। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

