
মাহফুজ আহাম্মেদ মুন্না :
গাজীপুরের কোনাবাড়ি মহাসড়ক রুটে আজ রভোর সকাল ছয়টা থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়ে ওঠে, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
বাস কাউন্টারগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে টিকিট সংকট দেখা দেয়। এতে প্রায় ৯০ শতাংশ যাত্রী বাসের টিকিট না পেয়ে খোলা ট্রাকে করে ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ দৃশ্য অনেকটা ঈদের সময়ের যাত্রা চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় মানুষজন নিজ নিজ এলাকায় ভোট দিতে যাচ্ছেন। এ লক্ষ্যে কষ্ট ও ঝুঁকি উপেক্ষা করেই তারা যাত্রা করছেন। গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি ঘোষণার ফলে শ্রমিকদের যাত্রীর চাপ আরও বেড়েছে।
যাত্রীরা জানান, যানজট, টিকিট সংকট ও খোলা ট্রাকে যাত্রার ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের একমাত্র লক্ষ্য—নিজ নিজ এলাকায় গিয়ে ভোট প্রদান করা।
এদিকে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

