
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মো. ফরহাদ (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিহাদ নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কসবা উপজেলার বিনাউটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফরহাদ ও তার সহপাঠী জিহাদ রাস্তার পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফরহাদ প্রাণ হারায়। তার সঙ্গে থাকা জিহাদ গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থী জিহাদকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদের পরিবারে চলছে শোকের মাতম।
বিনাউটি গ্রামের বাসিন্দারা জানান, বৃষ্টি ও মেঘের গর্জনের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া যে কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনা তার একটি মর্মান্তিক উদাহরণ।

