
নিজস্ব প্রতিনিধি :
ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রিকেট বিশ্বকাপ বয়কট নিয়ে কড়া মন্তব্য করেছেন। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা কেবল তখনই তৈরি হতে পারে যদি সেখানে একটি পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন অনুষ্ঠিত হয়।
শ্রিংলা দাবি করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনোই বড় সাফল্য পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। তাঁর মতে, অতীতে জামায়াত এককভাবে ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পায়নি এবং সবসময় অন্য বড় রাজনৈতিক দলের কাঁধে ভর করে তারা সামনে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো শক্তির বিশেষ সহায়তা এবং নির্বাচনে ব্যাপক অনিয়ম ছাড়া জামায়াতের পক্ষে ক্ষমতায় আসা কার্যত অসম্ভব।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তকে একটি ‘ভয়ংকর ভুল’ হিসেবে অভিহিত করেছেন এই অভিজ্ঞ কূটনীতিক। শ্রিংলা মনে করেন, এই হঠকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্রিকেট এবং সামগ্রিক ক্রীড়াঙ্গন দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘নির্বাচিত নয়’ উল্লেখ করে বলেন, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি বরং এক অর্থে ক্ষমতা দখল করেছে। ফলে তাদের নেওয়া এমন বিতর্কিত সিদ্ধান্তগুলো বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির জন্য অশনি সংকেত।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময়কার স্মৃতিচারণ করে শ্রিংলা বলেন, সেখানে তাঁর অনেক বন্ধু রয়েছে এবং তিনি দেশটির শুভাকাঙ্ক্ষী। তবে বর্তমান সরকারের নেওয়া নীতিগুলো দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলেই তাঁর বিশ্বাস।

