
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম জোরদার করেছে। দলটির নেতারা বলছেন, এই গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ রায় প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে কোনো দল যেন এককভাবে রাষ্ট্রক্ষমতাকে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে—সেই পথ সুগম হবে।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা মনে করছেন, গণভোটের প্রশ্নটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; এটি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন,
“বিএনপির স্পষ্ট বার্তা—এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে। জনগণের রায়ই হবে চূড়ান্ত।”
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে একটি ব্যালান্সড, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
‘হ্যাঁ’ গণভোটের কার্যপ্রণালী কী
‘হ্যাঁ’ গণভোটে ভোট দেওয়ার অর্থ হলো—
রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক ভারসাম্য প্রতিষ্ঠা
ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ
নির্বাচন ও প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ
ভবিষ্যতে কোনো দল যেন এককভাবে রাষ্ট্রকে দলীয়করণ করতে না পারে
জনগণের মতামতকে সাংবিধানিকভাবে মর্যাদা দেওয়া
বিএনপি মনে করে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক কাঠামোর পক্ষে রায় দেবে।
‘না’ গণভোটের কার্যপ্রণালী কী
অপরদিকে ‘না’ ভোট প্রদান মানে—
বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রাখা
ক্ষমতার ভারসাম্যহীনতা অব্যাহত থাকার আশঙ্কা
ভবিষ্যতে রাজনৈতিক একচেটিয়াত্বের সুযোগ তৈরি হওয়া
বিএনপির মতে, ‘না’ ভোট মূলত জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণকে দুর্বল করতে পারে এবং অগণতান্ত্রিক শক্তিকে পরোক্ষভাবে সুবিধা দিতে পারে।
জামায়াত ও এনসিপি প্রসঙ্গে বিএনপির অবস্থান
বিএনপির হাইকমান্ডের দাবি, জামায়াতে ইসলাম ও এনসিপি গণভোটের বিষয়টিকে নিজেদের দলীয় স্লোগান ও রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এদের বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপির ভেতরে নানা প্রশ্ন উঠেছে।
বিএনপি নেতারা মনে করছেন, কিছু মহল উল্টাপাল্টা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন ও জনগণকে ভুল পথে পরিচালিত করতে চাইছে।
আগামী কর্মসূচি
এরই ধারাবাহিকতায় বিএনপি ঘোষণা করেছে,
আগামী ২২ তারিখ থেকে দেশব্যাপী নির্বাচনী ক্যাম্পিংয়ের পাশাপাশি ‘হ্যাঁ’ গণভোটের পক্ষে জোরালো প্রচারণা কার্যক্রম শুরু হবে।
দলটির নেতাকর্মীরা মাঠে নেমে সরাসরি জনগণের কাছে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা তুলে ধরবেন।

