
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করেন এবং তার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিচারণ করেন।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৪১ বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন,বেগম খালেদা জিয়ার জীবনী কেবল আলোচনার নয়, বরং গবেষণার বিষয়।সংসদীয় গণতন্ত্রে উত্তরণ এবং সার্ককে শক্তিশালী করতে তার ভূমিকা ঐতিহাসিক।ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়ের অন্যতম প্রধান দাবিদার তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বেগম জিয়াকে ফিলিপাইনের নেত্রী কোরাজন অ্যাকুইনোর সঙ্গে তুলনা করে তার শাসনামলের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।সামাজিক নিরাপত্তা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ছিল তার যুগান্তকারী উদ্যোগ।
তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১০০ দিনের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান এবং অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে পরিবারের মায়েরা মাসিক ২,০০০ থেকে ২,৫০০ টাকা পাবেন।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া ও ‘আপোষহীনতা’ শব্দ দুটি একে অপরের পরিপূরক। তিনি স্পষ্ট করেন যে, আগামী দিনে দেশনায়ক তারেক রহমান বেগম জিয়ার দেখানো পথেই রাষ্ট্র পরিচালনা করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন,সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি,জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু এবং সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু,নজরুল ইসলাম বাবু,মাহবুব কায়সার,সুমন,নজরুল ইসলাম বাবু,ইউসুফ হারুন মজনু, শেখ বায়েজীদ,শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু,মাজহারুল ইসলাম,আসিফ সহ খুলনা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

